মুক্তির আগেই আলোচনায় উঠে আসে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘কুলি’। যেটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। অগ্রিম টিকিট বুকিং নিয়েও কাড়াকাড়ি শুরু হয়েছিল। এমনকি বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেন নির্মাতারা।
আর মুক্তির পর রীতিমত বক্স অফিসে সাড়া ফেলেছে এটি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয় কমছে। চলুন জেনে নেই ১৪ দিনে কত টাকা আয় করল সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ১৪ দিনে ‘কুলি’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ৩১৩.১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে যা আয় করেছে ১৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৮.১৫ কোটি রুপি।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।








