হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার ম্যাচের আগে ঝামেলা বাঁধে। এতে খেলা শুরু হতে প্রায় দেড় ঘন্টা লেগে যায়। এমন পরিস্থিতির জন্য কনমেবল স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করেছে।
কোপার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বিবৃতিতে জানায়, ‘সবাই জানে ফাইনাল হয়েছে মিয়ামিতে। টিকিট ছাড়া দর্শকরা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে, যা ফাইনালের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল। প্রবেশদ্বার বন্ধ করে দিতে হয়েছিল।’
‘পরিস্থিতির প্রেক্ষিতে, কনমেবল হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষের উপর নিরাপত্তার জন্য দায়িত্ব ছেড়ে দিয়ে চুক্তি করেছিল। উক্ত চুক্তিতে নির্ধারিত বিধানগুলো ছাড়াও কনমেবল কর্তৃপক্ষকে কিছু পদ্ধতির সুপারিশ করেছিল, যা বিবেচনায় নেয়া হয়নি। আমরা দুঃখিত যে কিছু ব্যক্তিদের দ্বারা সৃষ্ট সহিংসতা ফাইনালকে কলঙ্কিত করেছে, যা দুর্দান্ত উদযাপনের জন্য প্রস্তুত ছিল।’
ফাইনালে নির্ধারিত সময়ে আসেনি ফল। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে গোল করেন লৌতারো মার্টিনেজ। আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং সবমিলিয়ে রেকর্ড ১৬ বার কোপার শিরোপা জয়ের রেকর্ড গড়ে।







