এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

উত্তীর্ণ শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যারা বিভিন্ন পুরস্কার ও সনদ গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ-এর আয়োজনে এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।
দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স বলেন, বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন, তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের এসএসসি এর ৪ জন এবং এইচএসসি এর ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (ইংলিশ সেকশন )-এর ও লেভেল এবং এ লেভেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।






