চেজ স্টেডিয়ামে ম্যাচে আগে বল জালে জড়িয়ে লিড পেয়েছিল ইন্টার মিয়ামি। বিরতির পর ঘটে ছন্দপতন। এক খেলোয়াড় লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় টাটা মার্টিনোর দল। এরপর দুই গোল হজমে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরের কাছে ২-১ গোলে মিয়ামি পরাজয়ের স্বাদ পেল।
হ্যামস্ট্রিং চোটের কারণে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে মাঠে গড়ানো খেলার স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা এই নিয়ে টানা চার ম্যাচ না খেলে থাকলেন।
টমাস অ্যাভিলেসের গোলে ১৯ মিনিটে মিয়ামি এগিয়ে যায়। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে ম্যাচের ৬৫ মিনিটে লাল কার্ড দেখেন ডেভিড রুইজ।
একজন কম নিয়ে মিয়ামি আর পেরে ওঠেনি। ম্যাক্সিমিলিয়ানো মেজা ডানপায়ের শটে ৬৯ মিনিটে মন্টেরের হয়ে সমতা টানেন। খেলার অন্তিম মুহূর্তে ৮৯ মিনিটে মেজার পাসে বল পেয়ে মিয়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন জর্জ রদ্রিগেজ।







