রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দিবিনিময় সম্পন্ন হয়েছে। এতে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গের্শকোভিচ, আলসু কুর্মাশেভা, যুক্তরাষ্ট্রের সাবেক নৌ-সেনা পল উইলান ও স্থায়ী বাসিন্দা ভ্লাদিমির কারা-মুর্জা।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১০ জন। স্নায়ুযুদ্ধের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর এটাই বৃহত্তম বন্দি-বিনিময়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভ্যান এক সংবাদ সম্মেলনে বলেন, আজকের (বন্দি)বিনিময় হবে ঐতিহাসিক। স্নায়ুযুদ্ধের পর থেকে এভাবে এত সংখ্যক ব্যক্তিকে বিনিময় করা হয়নি। অনেক মাসের জটিল ও শ্রমসাধ্য কয়েক দফা সমঝোতার চূড়ান্ত ফল এটি।
সালিভ্যান বলেন, ভুলবশত আটক করা ব্যক্তিদের মুক্তিকে নিশ্চিত করতে এতগুলো দেশ ও মিত্র এই প্রথম সম্মিলিতভাবে কাজ করেছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি এই চুক্তি জার্মান নাগরিক ও রুশ রাজনৈতিক বন্দিদের মুক্তিকেও নিশ্চিত করেছে। যারা মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ডিয়েটার ভরোনিন, কেভিন লিক, রিকো ক্রিগার, প্যাট্রিক শুয়েবেল, হেরমান মোয়েস, ইলিয়া ইয়াসিন, লিলিয়া চেনিশেভা, কেসনিয়া ফাদেয়েভা, ভাদিম ওস্তানিন, আন্দ্রেই পিভোভারভ, ওলেগ ওরলভ ও সাশা স্কোচিলেঙ্কো।








