হুইপ স্বপনের আসনে ২ আর দুদুর আসনে ৩ প্রভাবশালীর মনোনয়নপত্র সংগ্রহ

দুই প্রভাবশালী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য উপস্থিত, নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী আসন জয়পুরহাট-২ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্ষমতাসীন দলের দুই প্রভাবশালী নেতা তাজমহল হীরক ও গোলাম মাহফুজ চৌধুরী। এছাড়া অ্যাড. সামছুল আলম দুদুর নির্বাচনী আসন জয়পুরহাট-১ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের প্রভাবশালী তিন নেতা।
তাজমহল হীরক কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা এবং গোলাম মাহফুজ চৌধুরী অবসর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র ও রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
অপরদিকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদুর নির্বাচনী আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে ৩টার মধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ তা জমা দিবেন বলে স্ব স্ব মনোনয়ন প্রত্যাশি মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন।
জয়পুরহাটে আওয়ামী লীগের রাজনীতিতে আরিফুর রহমান রকেট, জাকির হোসেন মন্ডল, তাজমহল হীরক, গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও এস এম সোলাইমান আলী বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
জানা গেছে, জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তাজমহল হীরক এবং গোলাম মাহফুজ চৌধুরী অবসর জেলা দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় মাঠে তৎপর রয়েছেন। নির্বাচনী এই আসনে তাজমহল হীরকের পৈত্রিক বাড়ি কালাইয়ের তালোড়া বাইগুনি গ্রামে, গোলাম মাহফুজ চৌধুরী অবসরের পৈত্রিক বাড়ি আক্কেলপুরের চকবিলা গ্রামে হলেও আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৈত্রিক বাড়ি জয়পুরহাট-১ আসনের পাঁচবিবি উপজেলার টিএনটি পাড়ায়।
জয়পুরহাট-১ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, আরিফুর রহমান রকেট, জাকির হোসেন মন্ডল, এস এম সোলাইমান আলী দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠ চষে বেড়ানোর পাশাপাশি কেন্দ্রে লবিং করছেন বলেও জানা যায়। নির্বাচনী এই আসনে দুদুর পৈত্রিক বাড়ি পাঁচবিবিতে আর রকেট, জাকির ও সোলাইমানের পৈত্রিক বাড়ি বর্তমান জয়পুরহাট শহরে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য তাজমহল হীরক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে নিজ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে পুরো প্রস্তুতি রয়েছে। শনিবার মনোনয়ন কিনেছি। আজ রোববার জমা দেব।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে গ্রাম থেকে গ্রামে সরকারের উন্নয়ন নিয়ে প্রচারণা চালিয়েছি। দলীয় প্রার্থিতা নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরছি। শনিবার বেলা ২টায় মনোনয়নপত্র কিনেছি। আগামী সোমবার জমা দেব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বলেন, মনোনয়নপত্র সংগ্রহ যে কেউ করতে পারে। সবার জন্যই উন্মুক্ত। আমি নিজেও জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। রোববার জমা দেব, ইনশাল্লাহ। এর বাইরে আপাতত এখন কিছুই বলবো না।






