বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র। আসছে বছরের শুরুতে ব্রিটিশ এই রক ব্যান্ড তাদের মিউজিক অব দ্য স্পেয়ার্স ওয়ার্ল্ড ট্যুরের তিনটি শো করতে যাচ্ছে। সেই অনুষ্ঠান দেখতে দর্শক-শ্রোতার অভাব নেই ভারতবাসীর, তবে অভাব শুধু টিকিটের!
ইতোপূর্বেই মুম্বাইয়ের শোয়ের টিকিট নিয়ে হাহাকার দেখেছিল গোটা ভারত। এমনকি টিকিট পাননি বলিউডের নামী প্রযোজক ও পরিচালক করণ জোহরও। সে বিষয়ে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমেও। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চতুর্থ অনুষ্ঠানের ক্ষেত্রেও।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টা থেকে অনলাইনে শুরু হয়েছিল ভারতে অনুষ্ঠানের টিকিট বিক্রি। কিন্তু বুকিং শুরু হতেই লক্ষ জনের পিছনে লাইন দিতে হল আগ্রহীদের। ফলে একই রকম হতাশা গ্রাস করল ভারতের ‘কোল্ডপ্লে’ প্রেমীদের। সমাজ মাধ্যম তারা প্রকাশ করেছেন সেই হতাশার কথা। কেউ কেউ আবার ক্ষোভপ্রকাশও করেছেন টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে।
জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করবে এই বিখ্যাত ব্যান্ড। গত সেপ্টেম্বর মাসে তাদের তরফে ঘোষণা করা হয়, আগামী বছর সারা বিশ্বজুড়ে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসাবে একাধিক অনুষ্ঠান হবে ভারতেও।
গত মাসে মুম্বাইয়ের তিনটি অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি ২০২৫-এর অনুষ্ঠানের জন্য শুরু হয় অনলাইন টিকিট বিক্রি। দু’দফায় টিকিট বিক্রি হলেও লক্ষ লক্ষ মানুষ টিকিট কাটতে পারেননি। এমনকি অনেকে দেখেছেন তাদের নাম রয়েছে ৮ লক্ষ মানুষের পিছনে!
এদিকে ওই অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, সেই ডিওয়াই পাতিল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৫৫ হাজার।
এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ‘কোল্ডপ্লে’-এর চতুর্থ অনুষ্ঠানটি হতে চলেছে। এই স্টেডিয়ামে অবশ্য ১ লক্ষ ৩২ হাজার দর্শক ঠাঁই পেতে পারেন। কিন্তু শনিবার টিকিট বুকিং শুরু হতেই ক্রেতারা দেখেন তাদের কারও কারও নাম রয়েছে সাড়ে তিন বা চার লক্ষে।
এক নেটাগরিক ক্ষোভ উগরে সমাজমাধ্যমে লিখেছেন, “দু’টি নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে দিলেও আমাদের ঠাঁই হবে না।”- ইন্ডিয়ান এক্সপ্রেস







