গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রামে অবস্থিত আনসার ব্যাটালিয়ান ক্যাম্প কমপাউন্ডে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ নিয়ে গত চার দিনে ৩টি স্থানে ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলো। পুলিশ ও আনসার ক্যাম্প সুত্র জানান, শুক্রবার (৩০ জানুয়ারী) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কষ্টেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বোমাটির বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। এ সময় ক্যাম্পসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







