রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ছবি: সংগৃহীত
রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। লাগাতার সহিংসতার ঘটনায় রাতভর চলেছে পুলিশের তল্লাশি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধে আশুলিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে সূত্রাপুরের ফায়ার সার্ভিসের গেটের সামনে মঙ্গলবার সন্ধ্যায় মালঞ্চ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসটি পুড়ে যায়। বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের জিরো পয়েন্টে মঙ্গলবার রাত ৯টায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ হয় কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে ও হাতিরঝিলের রেইনবো ক্রসিংয়ে।
লাগাতার অগ্নি সংযোগ ও নাশকতার ঘটনায় গুলিস্তানের জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজারসহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় পুলিশ।






