চেলসি মিডফিল্ডার কোল পালমার সেরা ইংলিশ তরুণ ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন ২০২৪ সালে। ওই মৌসুমে চেলসির হয়ে ২৭ গোল করেন। সতীর্থদের দিয়ে করান আরও ১৫ গোল। ধারাবাহিকতার সঙ্গে ২৩ বর্ষী তারকা গত মৌসুমেও ৩২ গোলে অবদান রেখেছেন। তাকে নিয়ে চেলসির সাবেক উইঙ্গার প্যাট নেভিন বলেছেন, ‘পরবর্তী জিনেদিন জিদান হতে পারেন কোল। মেসি-রোনালদোর মতো না হতে পারলেও।’
চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ‘১০’ নম্বর জার্সিতে মাতান কোল। গত মৌসুমে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগ ও যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছেন। তার খেলার ধরন ও বড় ম্যাচে গোল করার সামর্থ্যকে তুলনা করে প্যাট বলেছেন, পরবর্তী জিদান হতে পারেন পালমার।
প্যাট নেভিন বলেছেন, ‘দেখুন কোল একজন বিশ্বমানের খেলোয়াড়। তিনি এখনো তরুণ। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির সাথে কোলের তুলনা করা যায় না। তা উচিতও নয়।’
‘শেষ ২০২৪ ইউরোতে যখন ইংল্যান্ড কোলকে বেঞ্চে বসায়, তখন অবাক হয়েছিলাম। সময়ের সাথে তিনি অনেক এগোবেন।’







