ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। সৌদি প্রো লিগের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। সিটিতে যোগ দিয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা ক্লদিও এচেভেরি। জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গ্রুপসেরা নির্ধারিত হবে।
সিটির হয়ে গোলের শুরু করেন ইলকাই গুন্ডোয়ান, পরে আরও একটি গোল করেন জার্মান মিডফিল্ডার। ২৭ মিনিটে গোল করেন রিভারপ্লেট থেকে আসা ফরোয়ার্ড এচেভেরি। আর্লিং হালান্ড, ওস্কার বব ও রায়ান চেকরি সিটির হয়ে গোল পেয়েছেন। ৬ গোলের বড় জয়ের পাশাপাশি নকআউট রাউন্ডে খেলাও নিশ্চিত হয় পেপ গার্দিওলার শিষ্যদের।
আসরের আরেক ম্যাচে ১০ জনের দল নিয়ে জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। জুড বেলিংহ্যাম, আর্দা গুলের এবং ফেদেরিকো ভালভার্দে গোল করেছেন। ম্যাচের শুরুতে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও।
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসোর এটি প্রথম জয়। ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়াল ডাগআউটে ক্যারিয়ার শুরু করা আলোনসো প্রথম ম্যাচে ড্র দেখেছিলেন। দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে কোচ হিসেবে দেখা পেলেন প্রথম জয়ের। শেষ ষোলোয় যেতে দলটিকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আসরের অপর দুই ম্যাচে জার্মান ক্লাব রেডবুল সলজবুর্গের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সৌদি ক্লাব আল হিলাল। ইতালিয়ান জুভেন্টাস ৪-১ গোলের জয় তুলেছে মরক্কোর ক্লাব ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে।







