সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আজ রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পজনিত উদ্বেগের কারণে ২৩ নভেম্বর সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ থাকবে; তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস যথারীতি চলবে। একই সঙ্গে জকসু নির্বাচনের সব কার্যক্রম আগের সিদ্ধান্ত অনুযায়ী চলমান থাকবে।
স্থগিত পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বানও জানানো হয়।







