সাউথ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেইনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। টেস্টকে আগেই বিদায় বলেছিলেন, বাকি দুই সংস্করণেও খেলবেন না ৩৩ বর্ষী তারকা ব্যাটার। আপাতত ঘরোয়া লিগগুলোতে মনোযোগী হতে চান মারকুটে ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে এপ্রিল থেকে অপেক্ষা করছিলেন ক্লাসেন। সেসময় ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ডানহাতি ব্যাটার। তার আগে একমাত্র টি-টুয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। ২০২৪-এর জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।
বিবৃতিতে ক্লাসেন বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেয়ার ঘোষণা আমার জন্য একটি দুঃখের দিন। ভবিষ্যতের জন্য আমার ও পরিবারের জন্য কোনটা সবচেয়ে ভালো, সে সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত, এবং আমি এ ঘোষণায় শান্তিও পেয়েছি।’
সাউথ আফ্রিকার হয়ে ৫৮ টি-টুয়েন্টি ও ৬০ ওয়ানডে খেলেছেন ক্লাসেন। ওয়ানডেতে ২,১৪১ রানের পাশাপাশি টি-টুয়েন্টিতে এক হাজার রান আছে তার। চারটি টেস্টে খেলে ১০০ রান করতে পেরেছেন।







