ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি: চ্যানেল আই
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাটি গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
আজ (১৯ নভেম্বর) বুধবার বিকেল ৩টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াছিন (১১)। তিনি বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ব্যাডমিন্টন খেলা নিয়ে গ্রামের দুটি গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এসময় দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াছিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এবং আটক হয়নি অভিযুক্ত শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।






