বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের উত্থান মিরপুরের সিটি ক্লাব থেকে। ক্লাবটি ফুটবল, ক্রিকেট ও দাবা- তিন খেলাতেই দেশের শীর্ষ লিগে উন্নীত হয়েছে। সেই ক্লাবের কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘মিরপুর সিটি ক্লাব আমার খেলোয়াড়ি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ক্লাব থেকেই আমার ফুটবলে হাতেখড়ি, যা আমাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলার এবং দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছিল। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে এই ক্লাবের অবদান অনস্বীকার্য।’
‘আজ (সোমবার) মিরপুর সিটি ক্লাবকে ফুটবল, ক্রিকেট ও দাবা- তিনটি খেলাতেই দেশের শীর্ষ লিগে উন্নীত হতে দেখে আমি সত্যিই গর্বিত। এই অসাধারণ অর্জনের জন্য আমি ক্লাবের সকল খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন।’ তিনটি খেলায় প্রথম বিভাগে উন্নীত হওয়ায় অভিনন্দন বার্তায় বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে আশা করে আমিনুল লিখেছেন, ‘আমি আশা করি, সামনের দিনগুলোতেও মিরপুর সিটি ক্লাব তাদের এই উচ্চ মান ও সাফল্যের ধারা বজায় রাখবে, ইনশাআল্লাহ।’








