চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে বরাবরই চমক দেখাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো করেছেন। বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সে। দল খুব সফল না হতে পারলেও জাকের ভালো করছেন। জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনার কথা।
সোমবার বিপিএলে সিলেট পর্বের শেষদিনে চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আসেন তারকা ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেও আপাতত বিপিএলেই মনযোগ জাকেরের। তবে আইসিসির ইভেন্টটিতে সেরাটা দিতে চান।
‘আপাতত বিপিএল নিয়েই ফোকাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওখানে আমার যে ভূমিকাটা থাকবে, সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো।’








