মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ উপেক্ষা করে চীনের একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচলবিষয়ক সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলারের তথ্য অনুযায়ী, অবরোধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চল থেকে কোনো ট্যাংকারের বের হওয়ার এটাই প্রথম ঘটনা।
মিডল ইস্ট আই জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের মাঝারি আকারের জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে যায়। জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন এবং এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করবে। ইরানকে কোনোভাবে অর্থ প্রদান করা জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন সামরিক কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার সকাল ১০টা (ইস্টার্ন টাইম) থেকে এই অবরোধ কার্যকর হয়েছে। এর আওতায় পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।







