আন্তর্জাতিক

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

চীন ও মিয়ানমার নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন ও মিয়ানমার নেতারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, পটভূমিতে উভয় দেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)।

দলটির আন্তর্জাতিক বিভাগ সু চি-র সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে একটি বার্তা পাঠিয়েছে বলে শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

গত ১৯ জুন সু চি-র ৮১তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও তার মুক্তির দাবি জানায়। একই সঙ্গে সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির আহ্বানও জানানো হয়।

এনএলডি এসব সরকার ও অধিকার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, তারা সু চি-র প্রতি অবিচল সমর্থন ও সংহতি দেখিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে এনএলডি বলেছে, সিসিপি দীর্ঘদিন ধরেই সু চি-র বন্ধু হিসেবে পরিচিত।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি-কে গ্রেপ্তার করা হয়। পরে সামরিক জান্তা তার বিরুদ্ধে একাধিক মামলায় দণ্ড দেয়, যেগুলোকে এনএলডি ও আন্তর্জাতিক মহলের অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। বর্তমানে তিনি দীর্ঘমেয়াদি কারাদণ্ড ভোগ করছেন। তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কেও জান্তা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে বেইজিং মিয়ানমারের সামরিক সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং জান্তা ঘোষিত নির্বাচনকেও সমর্থন দিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ওই নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে মনে করে।

বিষয়:অং সান সু চি চীনের কমিউনিস্ট পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…