ময়মনসিংহের ত্রিশালে একটি মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদের কার্নিশে আটকে পড়ে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে তাকে উদ্ধার করা হয়।
বুধবার ২৫ অক্টোবর ময়মনসিংহের ত্রিশালের মাদ্রাসাতুল ইদকান এ এই ঘটনা ঘটে। এদিন ইসহাক নামের একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
শিশুটি ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জানা যায়, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল এ এস এম ফয়সাল। কনস্টেবল ফয়সাল তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার বিষয়ে খবর নিতে থাকেন।
সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।







