ঢাকেশ্বরী মন্দিরের দিকে বিস্ফোরণ পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ঢাকেশ্বরী রোডে একটি রিকশার গদির নিচ থেকে চারটি ককটেল উদ্ধার
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে যাওয়ার পথে রিকশার গদির নিচে রাখা শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে লালবাগের ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া নূর হোসেন মাহিন (২২) এবং রিকশাচালক মো. ইমন (২৩)।
লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন।
পরে রিকশায় তল্লাশি চালিয়ে গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল। ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোই তাদের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন রাব্বি।
তিনি আরও জানান, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ। তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের ৮ নম্বর গলিতে। তিনি নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপর আটক ব্যক্তি রিকশাচালক মো. ইমন।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।






