বিশ্ব দাবা অলিম্পিয়াডে শেষদিনে উন্মুক্ত বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু এ বিভাগে এবারই সবচেয়ে বাজে অবস্থানে থাকতে হল। ৭৮তম স্থানে থেকে বাংলাদেশ প্রতিযোগিতা শেষ করেছে উন্মুক্ত বিভাগে। আর নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৮১তম। ১৭০ দেশের অংশগ্রহণে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত অলিম্পিয়াডে দাপট দেখিয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত।
হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে ফাইনাল রাউন্ডে সাউথ কোরিয়াকে ৩-১ গেমে হারিয়েছে লাল-সবুজ দল। টানা দুই রাউন্ডে জিএম নর্ম মিস করায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এ রাউন্ডে ছিলেন বিশ্রামে। দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় ড্র করেন। দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোর্শেদ জিতেছেন।
মেয়েদের দলের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ৮২ বছর বয়সে টানা ছয় বোর্ড জিতেছেন। তিনি জিতলেও অন্যরা সমানতালে না জেতাতে পারায় দলীয় পয়েন্ট সেভাবে অর্জিত হয়নি। তাই ৮১ নম্বরেে সন্তুষ্ট থাকতে হচ্ছে।







