নামতে না নামতেই ৩ উইকেট নাই বাংলাদেশের
চেন্নাই টেস্ট

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছেন, ম্যাচ চলাকালীন দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতকে ৩৭৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। শুরুতেই উইকেট দিয়ে এসেছেন ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান ও মুমিনুল হক। ২ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন সাদমান। নবম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন আকাশ দীপ। ৩ রান করা জাকির ও শূন্য রানে থাকা মুমিনুলকে ফেরান ২৭ বর্ষী পেসার। নেমে শুরুতেই চাপে পড়ে গেছে লাল-সবুজ দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬ রান। ১৫ রান করে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম করেছেন ৪ রান। মধ্যাহ্ন বিরতি চলছে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের ইনিংসে প্রথম ওভারে উইকেট তুলে নেন বুমরাহ। অফস্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দেন সাদমান। স্টাম্পে গিয়ে আঘাত করে বল। ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আগেরদিন ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির আগেই। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিতে বেশি সময় নেননি তাসকিন। ১৭ রান করা আকাশ দীপকে সাজঘরে ফেরান টাইগার পেসার। তারপর তুলে নেন তৃতীয় উইকেটও, সেঞ্চুরি করা অশ্বিনকে ফেরান। আক্রমণে এসে হাসান তুলে নেন ভারতের শেষ উইকেট, ৫ উইকেট ঝুলিতে পোরেন সেটি দিয়ে।
৯১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ৩৭৬ রানে গুটিয়ে যায়। ১৩৩ বলে ১১৩ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে ফেরান তাসকিন। ইনিংসে ৩ উইকেট তার। হাসান মাহমুদ ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মিরাজ ও নাহিদ রানার।
চেন্নাই টেস্টের প্রথমদিনে বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথমদিনে নায়ক হন ৪ উইকেট নিয়ে।






