সদ্যই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। মুক্তির আগে থেকেই যেই ছবিটিকে নিয়ে চলছিল উন্মাদনা। তবে ছবিটির মুক্তির প্রথম দিনের আয়ের দিকে তাকালে বোঝা যায় ‘যতটা গর্জায়, ততটা বর্ষায় না’। যদিওবা দ্বিতীয় দিন আসতেই সেই চেহারা পাল্টে গেল।
মুক্তির প্রথম দিন যেখানে বক্স অফিসে ‘চান্দু চ্যাম্পিয়ন’র আয় করেছে ৪.৭৫ কোটি রুপি। সেখানে দ্বিতীয় দিনেই সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৫ কোটি রুপি। ফলে দুই দিনে ভারতীয় বক্স অফিসে ‘চান্দু চ্যাম্পিয়ন’র মোট আয় দাঁড়িয়েছে ১১.৫০ কোটি রুপি।
মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। যেখানে কার্তিকের অভিনয় প্রশংসা পেয়েছে বেশ। আর এই গল্পের ঘটনা বাস্তব, যা সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবীর খান।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ কার্তিক ছাড়াও রয়েছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ। –বলিউড লাইফ








