২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় গড়াবে তা নিয়ে নাটকীয়তা চলছে বেশ কিছুদিন ধরেই। আয়োজক পাকিস্তান হলেও সেখানে গিয়ে খেলতে ভারতের আপত্তি থাকায় বেগ পেতে হচ্ছে আইসিসিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে শুক্রবার অভিভাবক সংস্থাটির বোর্ড সভাতেও আসেনি সিদ্ধান্ত। চুড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
আসর শুরু হতে বাকি আছে আড়াই মাসের মতো। আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ড প্রধানদের উপস্থিতিতে সভা ডেকেছিল আইসিসি। শুক্রবার সভায় ১২ পূর্ণ সদস্য দেশ ও তিনটি সহযোগী দেশের সদস্যরা ছিলেন।
তবে সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে। কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি। পরে পিসিবি ও বিসিসিআইকে সমাধানের জন্য আরও সময় দেয়া হয়। পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্তারা আরও কয়েকটি বোর্ড সদস্যদের সঙ্গে বসে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা চালাবে। সমাধানটি হতে হবে ভারত-পাকিস্তান উভয় দেশের সরকারের অনুমোদন পাওয়ার মতো।
এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভ্যন্তরীণ সভা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে না করার সিদ্ধান্ত জানিয়েছিল। এমনকি ওই মডেলে টুর্নামেন্ট আয়োজন করলে অংশগ্রহণ না করার হুঁশিয়ারিও দিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।







