চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের কারণে নতুন ভোগান্তিতে ‘বি’ গ্রুপের দুদল

ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের সমর্থন ও উচ্ছ্বাস, বাংলাদেশ দলের জন্য উৎসাহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের আপত্তি থাকায় হাইব্রিড মডেলে গড়িয়েছে এবারের আসর। গ্রুপপর্বে ভারত তাদের তিনটি ম্যাচই খেলছে দুবাইতে। ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ চারের ম্যাচও খেলবে সেখানে। এতে নতুন ভোগান্তির সম্মুখীন ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিফাই করা দলদুটি।
‘বি’ গ্রুপের লড়াই শেষ ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে। গ্রুপটি থেকে অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে। দৌড়ে এগিয়ে আছে সাউথ আফ্রিকা, কাগজে কলমে টিকে আছে আফগানিস্তানও। ইংল্যান্ডকে হারালে প্রোটিয়ারা খেলবে সেমিতে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলেও গ্রুপসেরা নির্বাচিত হবে দুদলের লড়াই শেষে।
ভোগান্তিটা সেখানেই, কারণ এখনও অনিশ্চিত সেমিতে ভারতের প্রতিপক্ষ কারা হবে। আর তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ‘বি’ গ্রুপের দুদলকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে। একটি দল ৪ মার্চ প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। অন্যদলকে আবার ফিরতে হবে পাকিস্তানে। ৫ মার্চ দ্বিতীয় সেমিতে খেলবে তারা পাকিস্তানে।
আইসিসির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ৪ মার্চ দুবাইতে গড়াতে চলা সেমিফাইনালে ভারতের বিপক্ষে যে দল খেলবে, তাদের প্রস্তুতির জন্য সর্বোচ্চ সময় দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে কারণে ‘বি’ গ্রুপ থেকে সেমিতে উঠা দুদল দুবাইতে যাবে। শনিবার দুবাই যাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়ে প্রোটিয়ারা সেমিতে উঠলে ম্যাচের পর দুবাইয়ের উদ্দেশ্যে যাবে তারা। আফগানিস্তান উঠলে তারাও দ্রুত দুবাইয়ের ফ্লাইট ধরবে।
২ তারিখ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের পর জানা যাবে, ভারতের প্রতিপক্ষ হবে কারা। সেই দলটি এরপর দুবাইয়ে থেকে যাবে। অন্য দলটি ৫ তারিখের সেমিফাইনাল খেলতে পাকিস্তানে ফেরত আসবে।
৪ তারিখ ভারত যদি সেমিতে জিতে যায়, সেক্ষেত্রে ৫ তারিখের ম্যাচে জয়ী দলকে আবার ফিরতে হবে দুবাইয়ে। ৯ তারিখ সেখানেই হবে ফাইনাল। আর ৪ তারিখ ভারত হারলে, সেই ম্যাচের জয়ী দল ধরবে পাকিস্তানের ফ্লাইট। সেক্ষেত্রে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।






