সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে মহারণ।
হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে চড়েছে উন্মাদনার পারদ, চলছে ইতিহাস-পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ। ইউরোপসেরার লড়াইয়ে দল দুটি আগে ৭ বার মুখোমুখি হয়েছে। চারবারই জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্লুজরা। বিপরীতে, লস ব্লাঙ্কোসদের জয় মাত্র একটি। অমীমাংসিতভাবে দুটি ম্যাচ শেষ হয়েছিল।
চ্যাম্পিয়ন্স লিগের সার্বিক ইতিহাস ও বাস্তবতা অবশ্য রিয়ালের পক্ষেই কথা বলছে। রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্টরা, চেলসি জিতেছে দুবার।
রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে রয়েছে টেবিলের দুইয়ে। বার্সেলোনার কাছে ট্রফি হারানোর দুয়ারে বেনজেমা-ভিনিসিয়াসরা। কিন্তু মঞ্চ যখন চ্যাম্পিয়ন্স লিগ, সমৃদ্ধ ইতিহাস ঢাল হচ্ছে রিয়ালের।
২০২০-২১ মৌসুমে চেলসি ইউরোপসেরার ট্রফি জিতেছে। দলটির পরের বাস্তবতা বেশ শোচনীয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ক্লাবটির উপর পড়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক রাখায় যুক্তরাজ্যের রোষানলে পড়েছিলেন চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। পরে দলের মালিকানাই ছাড়তে বাধ্য হয়েছেন।
চেলসি বিক্রিতে অনেকটা বাধ্যই করে যুক্তরাজ্য সরকার। আমেরিকান পেশাদার বেসবল দল লস অ্যাঞ্জেলেস ডজার্সের মালিক বোহেলি ৪.২৫ বিলিয়ন পাউন্ড দর হাঁকিয়ে চেলসি কিনে নেন।
মালিকানা পরিবর্তনের পর থেকে চেলসি নিজেদের হারিয়ে খুঁজছে। নতুন মালিকের অধীনে ঢেলে সাজানো হলেও পারফরম্যান্সে লেজেগোবরে অবস্থা ছিল। কোচ থমাস টুখেলকে করা হয় বরখাস্ত। গ্রাহাম পটারকে কোচ হিসেবে আনা হয়, মাঠের পরিস্থিতি তাতেও বদলায়নি। চাকরি পাওয়ার ৭ মাস পর পটারকেও বরখাস্ত করে ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির অবস্থা যাচ্ছেতাই। ৩০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে তারা। ল্যাম্পার্ড দ্বিতীয় দফায় দায়িত্বে ফিরে প্রথম পরীক্ষাতে ব্যর্থ হয়েছেন। প্রিমিয়ার লিগের লড়াইয়ে উলভারহ্যাম্পটনের কাছে ১-০ গোলে হেরেছে ব্লুজবাহিনী।
ইউরোপসেরার মঞ্চে পরিসংখ্যানে চেলসি এগিয়ে। কিন্তু বর্তমান পারফরম্যান্সে তাদের পক্ষে বাজিরদর কমই। অন্যদিকে সামর্থ্য ও ইউরোপের মঞ্চে দাপটের নিরিখে বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়াল এগিয়ে থাকছে। অবশ্য তাদের চলতি পারফরম্যান্সও ধারাবাহিক নয়। তবে করিম বেনজেমার উড়ন্ত ফর্ম, ভিনিসিয়াসের ধারাবাহিকতা তাদের শক্তি।







