আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে স্পেনের লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। হারের পর কোচ ডিয়েগো সিমিওনের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। তার মতে, অ্যান্টনে গ্রিজম্যানের উপর পরিষ্কার পেনাল্টির সিদ্ধান্তটি তাদের পক্ষে থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তবে হারের পেছনে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমির দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে বুদাপেস্টের টিকিট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম লেগ ১-১ ড্র ছিল, দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে গানারবাহিনী।
ম্যাচের ৫৬ মিনিটে গ্রিজম্যানের গোড়ালিতে বাম পায়ের উপর সরাসরি আঘাত করেন রিকার্ডো ক্যালাফিওরি। পেনাল্টির আবেদন জানালেও রেফারি অ্যাটলেটিকোকে পেনাল্টি না দিয়ে আর্সেনালের পক্ষে একটি ফ্রি-কিক দেন।
ম্যাচ শেষে সিমিওনে বলেছেন, ‘গ্রিজম্যানের ঘটনাটি খুবই পরিষ্কার ছিল। শুরুতে আমরা ভেবেছিলাম রেফারি দানিয়েল সিবার্ট সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কিন্তু আসলে তা ছিল না। তবে এটি নিয়ে পড়ে থাকতে চাই না। কারণ এটি করা মানে হারের জন্য অজুহাত দেয়া, যা একদমই করতে চাই না।’
‘রেফারিদের সিদ্ধান্ত কখনও আমাদের পক্ষে যায়, কখনও বিপক্ষে। আজ আমরা দুর্ভাগা ছিলাম, তাই বলে প্রতিপক্ষের কৃতিত্ব কেড়ে নেয়া ঠিক হবে না। তারা আমাদের চেয়ে বেশি ক্লিনিক্যাল ছিল।’








