জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় মূল আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চার আসামিকে পাঁচ দিন ও পাঁচ আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
রোববার (১৮ জুন) নয় আসামিকে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
নাদিম হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নাদিম হত্যার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ আসামিদের আদালতে নেওয়ার সময় নাদিমের স্বজনরা আসামির ফাঁসির দাবিতে জামালপুরের বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন।
গত বুধবার রাতে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিম হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়।








