বাংলাদেশ

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর ১৪ বছর পুর্তি উদযাপন

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর ১৪ বছর পুর্তি উদযাপন

ছবি: সংগৃহীত

কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস ও নেতৃত্ব তৈরিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও নীতিনির্ধারকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বুধবার ২৮ অক্টোবর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বক্তব্যে তিনি কিশোর-কিশোরীদের কল্যাণ ও ভবিষ্যৎ বিকাশের বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, যিনি স্বর্ণকিশোরীর ‘স্বর্ণমানব’ খেতাবে ভূষিত। তাঁর বক্তব্যে কিশোর-কিশোরীদের সম্ভাবনা বিকাশ, আত্মবিশ্বাস অর্জন এবং সচেতন ও মানবিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব উঠে আসে।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ড. ফারজানা রশীদ ব্রাউনিয়া বলেন, কিশোর-কিশোরীদের উন্নয়ন শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা পরিবারের একক দায়িত্ব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ, কমিউনিটি এবং নীতিনির্ধারণী পর্যায়ের সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, সামাজিক-বাস্তুতান্ত্রিক মডেলের আলোকে ব্যক্তিগত সচেতনতা থেকে শুরু করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি এবং বৃহত্তর সামাজিক ও নীতিগত পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ, সহায়ক ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা সম্ভব।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, জীবনদক্ষতা অর্জন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে কাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বর্ণকিশোরী ও নির্ভীক অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচজন।

এ বছর বেস্ট স্বর্ণকিশোরী অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ফরিদপুরের জেলা লিডার জুয়ারিয়া বিনতে মুবিন। বেস্ট নির্ভীক কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ২০১৫ সালের শ্রেষ্ঠ স্বর্ণকিশোরী ডা. শাহজিয়া শাহরিন আনিকা।
এ ছাড়া বেস্ট নির্ভীক অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন বরিশালের বিভাগীয় লিডার এম. আবু রাফি এবং রেদওয়ান’স মেথড ও আরএমএইচের (RMH) প্রশিক্ষক মো. জুননুরাইন খান। অন্যদিকে, বেস্ট নির্ভীক জার্নালিস্ট অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জের জামিল হাসান।

বিষয়:১৪ বছর পুর্তি উদযাপন স্বর্ণ কিশোরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…