দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষে হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আজ ২১ অক্টোবর দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম. শমশের আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো- উপাচার্য প্রফেসর ড. দিল রওশন জান্নাত আরা নাজনীন।
প্রধান অতিথি ড. এম. শমশের আলী বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের শিক্ষা বঞ্চিত গণমানুষের শিক্ষা চাহিদা পুরনের জন্য, ৩২ বছর পেরিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও এর সুনাম ধরে রেখেছে। প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা চাহিদা পূরণ করে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, সারা পৃথিবীর দক্ষ জনশক্তির চাহিদা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে পুরণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বাউবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আলোচনা সভা আয়োজক উপ-কমিটির আহ্বায়ক কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের প্রফেসর ড. মো. শাহ আলম সরকার।
এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।








