বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান চিল্ড্রেন’স কার্ডিয়াক ক্যাথ ফাউন্ডেশন (সিসিসিএফ) সম্প্রতি নাইজেরিয়ার আনামবরা রাজ্যের ওরাইফি নামক অঞ্চলের একটি হাসপাতালে ১১ দিনব্যাপী একটি মেডিকেল মিশন পরিচালনা করেছে।
গত ১৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই মিশনে নাইজেরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১ টি শিশুর কার্ডিয়াক ক্যাথ সম্পন্ন করা হয় এবং ৫৯ টি শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মূল্যায়ন করা হয়।
এই মেডিকেল মিশনে অংশ নেন বাংলাদেশ থেকে চিল্ড্রেন’স কার্ডিয়াক ক্যাথ ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ড. শামিমুর রহমান। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউশনের পেডিয়াট্রিক কার্ডিওলোজি বিভাগের প্রধান ডক্টর রেজওয়ানা রিমার নেতৃত্বে একটি টিমও অংশ নেয় যেখানে ডক্টর খালিদ খান, ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, জনাব আজগর আলী এবং জনাব রবিউল ইসলাম ছিলেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের হৃদযন্ত্রের ছিদ্র সারানোর জন্য নাইজেরিয়ায় এই আয়োজনে বাংলাদেশ থেকে কোন মেডিকেল মিশনের এটি ছিল একটি সফল এবং প্রশংসিত অংশগ্রহণ। বাংলাদেশের ডাক্তারদের এই সাফল্য স্থানীয়ভাবে নাইজেরিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে। এই ধরণের উদ্যোগ এবং তাতে নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলে প্রতিষ্ঠিত চিল্ড্রেন’স কার্ডিয়াক ক্যাথ ফাউন্ডেশন (সিসিসিএফ) ২০২১ সাল থেকে বেসিক নিডস প্রোগ্রাম নামে কাজ করে চলেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০০ জনের অধিক শিশুর হৃদযন্ত্রের ছিদ্র সারানোর ক্ষেত্রে তারা আর্থিক অনুদান দেওয়ার ব্যাবস্থা করেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠান নেপালে তাদের কাজ সম্প্রসারণ করেছে।








