বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ ৫০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে।
রোববার ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিপ ইমাম।
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তাঁর গাড়িবহরে হামলা চালান। তখন খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।







