বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডার আলবার্টা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আলবার্টা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী হাসান রনি সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানান।
শোকবার্তায় বলা হয়, আজ বাংলাদেশের ইতিহাস আরও একটি গভীর শূন্যতায় আবৃত হলো। নিভে গেল এক দৃঢ় কণ্ঠ, থেমে গেল এক সংগ্রামী হৃদয়ের স্পন্দন। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং গণতন্ত্রের আপসহীন সৈনিক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। কারাবাস, দীর্ঘ অসুস্থতা, অবহেলা ও নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথা নত করেননি। ব্যক্তিগত বেদনা উপেক্ষা করে দেশ ও মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর কাছে রাজনীতি ছিল ক্ষমতার নয়, আত্মত্যাগের প্রতীক।
বিবৃতিতে আরও বলা হয়, জাতি আজ একজন শক্তিশালী নেতৃত্বকে হারাল। তিনি ছিলেন এমন এক নারী, যিনি ভেঙে পড়েননি, বরং প্রতিকূলতার মধ্যেও ইতিহাস নির্মাণ করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
শোকবার্তায় আলবার্টা বিএনপির পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
এদিকে লিখিত বক্তব্যে মেহেদী হাসান রনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব বিকাল ৫টায় কানাডার ক্যালগেরিতে বায়তুল মুককারাম মসজিদে (বিএমআইসিসি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ক্যালগেরি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।







