জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার স্থগিত একটি পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়েছে। প্রচারিত ওই সময়সূচি দেখে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শনিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিলেবাসের ২১২১০৯ কোডের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ পত্রের স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সময়সূচি প্রচার করা হচ্ছে। ওই সময়সূচির কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাটির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরীক্ষাটির নতুন তারিখ নির্ধারণ করা হলে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নির্ভরযোগ্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।









