মৌলভীবাজার

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব শেষ, পুরস্কার পেল ৭০ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে দুই মাসের বই পড়া উৎসব শেষ, পুরস্কার পেল ৭০ শিক্ষার্থী

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের আবারও বইয়ের পাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। দুই মাস ধরে চলা এ বই পড়া উৎসবের সমাপ্তি হয়েছে ৭০ শিক্ষার্থীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে।

শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ও সংগঠক দেবাশীষ দাস।

দুই মাসের পাঠাভ্যাসভিত্তিক কার্যক্রম শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে সাতজনকে দেওয়া হয় বিশেষ ‘বেস্ট রিডার’ সম্মাননা। বিজয়ীদের হাতে সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষার্থীদের নিয়মিত জীবনে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

বিষয়:অভ্যাস উপ‌জেলা প্রশাসন‌ বই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…