মন্ত্রীপরিষদ সচিব হলেন ড. শেখ আব্দুর রশিদ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে: সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. শেখ আব্দুর রশিদ (পরিচিতি নং-১৫৩০)-কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা। তিনি তার ব্যাচে প্রথম হয়েছিলেন।
অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।
নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
মাহবুব হোসেন চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ১৩ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে ওই সময় তাকে পরবর্তী এক বছরের জন্য একই পদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যা এখন শেষ হচ্ছে। কাগজেপত্রে ১৩ অক্টোবর তা শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে আগামীকাল বুধবারই (৯ অক্টোবর) তার শেষ কর্মদিবস। কারণ, পরের চার দিন শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকছে।









