ছায়া সংসদ বিতর্কে হলি ফ্যামিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন বুটেক্স

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতার্কিকরা।
শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বিতর্কের বিষয় ছিল ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর’।
প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় বুটেক্স এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। বুটেক্সের বিতার্কিকদের যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা ও তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকদের কাছে বেশি গ্রহণযোগ্য বিবেচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, নাদিয়া শারমিন, মো. আতিকুর রহমান ও মিরাজ মাহবুব ইফতি।
বুটেক্স ডিবেটিং ক্লাবের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মাহমুদুল হাসান, সাদ আল আশরাফি, মো. শহীদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ ও সেমন্তি তাহের অর্পি।
বিজয়ী দলের বিতার্কিক মাহমুদুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক করা এবং নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা তাঁর জন্য গর্বের। যুক্তি ও তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরির সুযোগকে তিনি বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
আরেক বিতার্কিক সাদ আল আশরাফি বলেন, তাঁদের এই অর্জন বুটেক্স ডিবেটিং ক্লাবকে উৎসর্গ করছেন। দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও বিতর্ক অঙ্গনে বিজয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।






