বুটেক্সে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘টেক্সভার্স ২.০’

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’। বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা এবং টেক্সটাইল খাতের বাস্তব সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব বুটেক্সের অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, একাডেমিক ভবন ও কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকবে প্রজেক্ট প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, কুইজ, টেক্সটাইল কেস প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, প্রবন্ধ লেখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকবে বিজ্ঞান কল্পকাহিনি লেখা, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড।
অডিটোরিয়ামে প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেমিনার কক্ষে হবে কুইজের মঞ্চ পর্ব। একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে কুইজের লিখিত পর্ব, অলিম্পিয়াড ও বিজ্ঞান কল্পকাহিনি লেখা প্রতিযোগিতা। কেন্দ্রীয় মাঠে হবে ট্রেজার হান্ট। প্রবন্ধ লেখা ও এআইভিত্তিক ভিডিও নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে।
প্রতিযোগিতার প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপকে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়া হবে।
বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি রুবায়েত রশীদ রনি বলেন, ‘টেক্সভার্স ২.০’-এর মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরতে চান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা এবং টেক্সটাইল শিল্পের বাস্তব সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।
ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শফিক রাইয়্যান বলেন, দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ তৈরি করাই ‘টেক্সভার্স ২.০’-এর অন্যতম উদ্দেশ্য। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা টেক্সটাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে। অনলাইনের পাশাপাশি বুটেক্স ক্যাম্পাসে স্পট নিবন্ধনের সুযোগও থাকছে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও নিবন্ধনের নিয়ম বুটেক্স সায়েন্স ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।





