গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নবীন খান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নবীন খান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বীর বাশাইল বটতলা গ্রামের মুন্নাফ খানের ছেলে।
তিনি ঢাকার সাভারের পল্লীবিদ্যুত এলাকায় জেনারেটর ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হিরণ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশ নিতে তিন দিন আগে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের দিপু মুন্সীর বাড়িতে বেড়াতে আসেন নবীন খান। প্রায় ১৫ বছর ধরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
দিপু মুন্সী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওয়াজ শেষে বাড়ি ফিরে একসাথে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নবীন খান বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে।







