বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি ছবি। এছাড়াও আছে জাপানের দুটি, কোরিয়ার দুটি এবং চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের একটি করে ছবি।
বুধবার উৎসব কর্তৃপক্ষ প্রকাশ করেছে প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণকারীদের নাম। বাংলাদেশ থেকে অংশ নিতে চলেছে ইকবাল এইচ চৌধুরীর ‘দ্য রেসলার’ এবং ‘বিপ্লব সরকারের ‘দ্য স্ট্রেঞ্জার’।

‘দ্য রেসলার’ (বলী) ছবির প্রধান চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিনকে। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দ্য স্ট্রেঞ্জার’ (আগন্তুক) ছবির গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বন্দ্ব সরল ও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে চলচ্চিত্রে।
জাপানের ‘সেপ্টেম্বর ১৯২৩’ ছবিতে দেখানো হয়েছে ভূমিকম্পের কাহিনী। ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিন জাপানের টোকিও-ইয়োকোহামা অঞ্চলে আঘাত হানে ৭.৯ মাত্রার একটি ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল কান্তো। এই ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে যায় টোকিও-ইয়োকোহামা এলাকা। জাপানের আরেক ছবি ‘আফটার দ্য ফিভার’-এ দেখানো হয়েছে গভীর প্রেমের মর্মান্তিক পরিণতি।

কোরিয়ার ‘হেরিটেজ’-এ দেখানো হয়েছে এক ব্যক্তির ঘটনা যিনি এবং তার সুপারভাইজার সেনাবাহিনীর চাকরী ছেড়ে দেন। আরেক ছবি ‘দ্যাট সামার্স লাই’-তে পুরানো প্রেমের সত্য ভুলে কল্পনায় ডুবে থাকার গল্প দেখানো হয়েছে।
ভারত অংশ নিচ্ছে ‘দ্য স্পার্ক’ নিয়ে। আরও হংকং-এর ‘বোরোড টাইম’, থাইল্যান্ডে ‘সলিডস বাই দ্য সিশোর’ ও মালয়েশিয়ার ‘ওয়েসিস অব নাও’।
বুসানে মর্যাদাপূর্ণ “কিম জিসুক অ্যাওয়ার্ড”-এর জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এতে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় একজন নামকরা অভিনেত্রী এবং একজন নির্মাতার গল্প বলবেন মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে ওই নির্মাতা ও অভিনেত্রীর বিয়ের পর বাচ্চা নেওয়া, বাচ্চা নেওয়ার পরের স্ট্রাগল ফুটে উঠবে সিনেমার পর্দায়। অনেকের ধারণা, এটি ফারুকী-তিশারই জীবনের একটি অংশ হতে যাচ্ছে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ৪ অক্টোবর। শেষ হবে ১৩ অক্টোবর।
সূত্র: ভ্যারাইটি







