বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে ধাক্কা দিয়েছে যমুনা পরিবহনের একটি বাস। এতে বাসটির সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসের সুপারভাইজারের নাম মো. সুমন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর বাসটি অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় জড়ায়। তবে সামনে থাকা বাসটিকে পেছনে ফেলতে না পেরে যমুনা পরিবহনের বাসটি সার্ভিস লেনে নেমে যায়। পরে কিছু দূর যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটি ও দেয়ালে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হন।
পুলিশ জানায়, আহত পাঁচজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





