ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।
সিএনএন জানিয়েছে, গতকাল ১৩ সেপ্টেম্বর বুধবার ভোররাত ২টার দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের প্রায় ১৫০ জন বাসিন্দার বাসস্থান একটি নয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়।
হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল ভু হোয়াং ফুং এর বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন থেকে বাঁচতে জানালা থেকে লাফ দেওয়ায় আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ভবনের মালিক এনঘিম কোয়াং মিনকে আটক করেছে, তাকে অগ্নি-প্রতিরোধ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই বিষয়ে মামলার তদন্ত চলছে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তিনি ছোট আকারের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নি-বিরোধী প্রবিধান সম্পন্ন করার আহ্বান জানান।







