দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ ইসলাম মিনার (১৭) নামে নিহত বাংলাদেশির লাশ এখনও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
এতে মরদেহ ফেরতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণ’কে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তার মরদেহ এখনও পড়ে আছে ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক রিপোর্টে এমনই চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে ছেলের মরদেহ ফেরত না পাওয়ায় শোকের মাতম বইছে ওই পরিবারে।
নিহত মিনহাজ ইসলাম মিনার দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিনার খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ঘটনার রাতে তারা ৫ বন্ধু ভারতে গিয়েছিল মাছ ও কচ্ছপের শুটকি আনতে।
এ ব্যাপারে আজ শুক্রবার দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আখতার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আর বেশিকিছু জানি না।







