রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। এসে পেয়েছেন ক্লাবের শিষ্য ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, এডের মিলিতাওসহ ব্রাজিলের অনেক তারকাকে। তাদের মধ্যে ভিনিসিয়াসের প্রতিভা নিয়ে কথা বলেছেন ইতালিয়ান কোচ।
ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়রের অবদান নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘জানি না সে এখানে তার সেরাটা দিয়েছে কিনা, কিন্তু রিয়াল মাদ্রিদে সে যা করেছে তা করার জন্য তার কাছে সময় আছে। আমাদের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের একসাথে কাজ করতে হবে যাতে সে এখানে সেরাটা দিতে পারে।’
‘আমি এমন একটি দল চাই না যার স্পষ্ট পরিচয় আছে। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা ৪-৩-৩ হোক বা ৪-৪-২ ফর্মেশন হোক। আমাদের একসাথে রক্ষণ সামলাতে হবে এবং বলের সাথে সৃজনশীলতারও ব্যবহার করতে হবে।’
দলে একক পারফরম্যান্সের প্রভাব নিয়ে ইতালিয়ান কোচ বলেছেন, ‘আজকাল ব্যক্তিগত একক গুণাবলী যথেষ্ট নয়। আপনাকে সেই প্রতিভার মনোভাব, চালিকাশক্তি এবং প্রতিশ্রুতির সাথে সবকিছু একত্রিত করতে হবে। ভিনিসিয়াস বিশেষ প্রতিভা, বিশেষ কিছু আছে তার মধ্যে। সে ভালো ব্যক্তি এবং আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। কিন্তু তরুণ খেলোয়াড় হিসেবে তাকে ধৈর্যশীল ও সতর্ক হতে হবে।’
২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তবে ব্রাজিল বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনালে। তবে আপাতত গোল না পাওয়া, সামান্য চোট, সবমিলে ব্রাজিল জাতীয় দলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এ তারকা।








