লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে প্রায় ১৭ মাস পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার। এ যাত্রায়ও খেলা হল না তারকা ফরোয়ার্ডের। আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়িয়ে চোটে ছিটকে গেছেন তিনি। পরে বললেন, ঝুঁকি এড়াতে সবাই মিলে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে পাওয়া চোটে একবছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালে হতাশার এক অধ্যায় শেষে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরনো ছন্দে ফেরার পথে এগোচ্ছিলেন ৩৩ বর্ষী। ক্লাবটির হয়ে ৭ ম্যাচে ৩ করে গোল ও অ্যাসিস্ট করেন।
পেশির সমস্যায় ভোগায় সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি নেইমার। শুরুতে চোট নিয়ে পরিষ্কার ধারণা না মিললেও পরে জানা যায় বেশ গুরুতর। জাতীয় দল জার্সিতে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে তাই ছিটকে পড়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘(আন্তর্জাতিক ফুটবলে) ফেরার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি। যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ।’







