ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির শাউদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ফেডারেশনের অর্থ ব্যবহার করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ, গত সপ্তাহে স্ত্রীর সাথে মেক্সিকো সিটিতে সাক্ষাৎ করে তাকে নিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আগে প্রথমে অকারণে নিউইয়র্ক গিয়েছিলেন।
৪২ বর্ষী সভাপতি গতবছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হন। দেশটির সংবাদমাধ্যম বলছে, বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে সভাপতিকে ম্যানহাটনে ক্যামিলা ক্রিস্টিনা আন্দ্রেদ নামের একজন ফিটনেস উদ্যোক্তার সাথে পানাহার করতেও দেখা গেছে। আন্দ্রেদ ওই শহরের বিখ্যাত চার তারকা হোটেল হায়াত রিজেন্সি গ্র্যান্ড সেন্ট্রালে ৮ দিন অবস্থান করেছিলেন। প্রতিবেদন অনুসারে- ১১,৫০০ ডলার মূল্যের সেই হোটেল রিজার্ভেশনটি শাউদের নামে বুক করা হয়েছিল।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ৩ জুন তারা ফিফথ অ্যাভিনিউয়ের বিখ্যাত শেরি-নেদারল্যান্ড হোটেলের হ্যারি সিপ্রিয়ানি রেস্তরাঁয় একটি ঘরোয়া নৈশভোজ উপভোগ করছেন। তাদের বিলাসবহুল রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটি গাড়িতে করে চলে যেতে দেখা যায়। যেটি বিদেশ সফরের জন্য ফেডারেশন ভাড়া করেছিল।সভাপতি আন্দ্রেদকে নিউইয়র্কে রেখে ব্রাজিলে ফিরে যান। ৮ জুন ব্রাজিলের মেয়েরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচ থেকে মেক্সিকো সিটিতে উড়ে যান শাউদ। যেখানে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী নাটালিয়ার সঙ্গে ছিলেন।
স্ত্রীর সঙ্গে ২০ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত জীবনে তিন সন্তান রয়েছে শাউদের। অপ্রত্যাশিত অভিযোগটি হল, সভাপতি ব্যক্তিগত বিদেশ সফরের জন্য ফেডারেশনের তহবিল ব্যবহার করার ঘটনা এটাই প্রথম নয়। ফেডারেশনের খরচে মডেল ও ইনফ্লুয়েন্সার তামারেস ফার্নান্দেসকে ২০২৫ সালে ফিফা ইন্টারকন্টিনেন্টাল বিশ্বকাপের একটি ম্যাচ দেখতে কাতারে পাঠিয়েছিলেন তিনি। নথি অনুযায়ী, সেই সফরে এমিরেটসের বিজনেস ক্লাস ফ্লাইট এবং রিটজ-কার্লটন দোহায় চার দিন থাকা অন্তর্ভুক্ত ছিল এবং শুধুমাত্র হোটেলের জন্যই মোট ৩,৪০০ ডলার খরচ হয়েছিল।
ব্রাজিল ফুটবল দ্রুত এসব অভিযোগ অস্বীকার করে জোর দিয়ে বলেছে, তাদের প্রশাসন নৈতিক সততার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলেছে, ‘সংস্থাটির সমস্ত খরচ শুধুমাত্র সিবিএফের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সাথে সম্পর্কিত এবং পরিচালকদের ব্যক্তিগত খরচ তারা নিজেরাই বহন করেন। সিবিএফের বর্তমান প্রশাসন স্বচ্ছতা, প্রশাসনিক দায়িত্ব এবং সততার প্রতি অঙ্গীকারের স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সিবিএফ পুনরায় জানাচ্ছে যে, যেকোনো অতিরিক্ত ব্যাখ্যার জন্য তারা প্রস্তুত রয়েছে।’







