রোববার হঠাৎ বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করতে আসে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি প্রতিনিধি দল। সেখান থেকে ইতিবাচক বার্তা দেয়ার পর প্রতিনিধি দলটি বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্রাজিল বাংলাদেশে একটি ম্যাচ খেলার প্রস্তাব করেছে। সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সোমবার বাফুফে প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা বলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেখানে তিনি জানান, বাংলাদেশে আসা ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।
বাফুফের কার্যনির্বাহী সদস্য শাহীন বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে ব্রাজিল দলের অপারেশন ম্যানেজার, অপারেশন মার্কেটিং ম্যানেজার, ন্যাশনাল টিমের ম্যানেজার, টেকনিক্যাল ম্যানেজারসহ ওদের পাঁচজন প্রতিনিধি আসছিলেন, ম্যানেজমেন্ট ডিসিশন মেকার ব্রাজিল ন্যাশনাল টিমের। তারা এসে আমাদের দুইটা মাঠ ভিজিট করছে—ঢাকা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা। আবার কিছু হোটেলও ওরা দেখেছে।’
‘পরিদর্শনের পরে তাদের সাথে রাতে আমাদের একটা মিটিং ছিল। মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে সভাপতিও ছিলেন, ব্রাজিলের অ্যাম্বাসেডরও ছিলেন। এখানে বিভিন্ন রকম আলোচনা হলো। একটা ভেন্যু পরিদর্শন বা দেশ পরিদর্শনের পর খেলার ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে একটা ফ্রেন্ডলি ম্যাচ ওরা খেলতে চাচ্ছে। ফ্রেন্ডলি ম্যাচের পাশাপাশি ভবিষ্যতেও তারা বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেছে।’
ব্রাজিলের খেলতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে শাহীন আরও জানান, ‘মূল ব্যাপার এই যে, বাংলাদেশের সম্পর্কের জন্য তারা খেলতে চাচ্ছে। কারণে বাংলাদেশে ব্রাজিলের একটা বিশাল ফ্যান গ্রুপ আছে, এটাকে তারা একটু আরও উন্নত করতে চাচ্ছে। তারা যেটা বললো যে তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ায় বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সমর্থন করছে।’









