এশিয়ান কাপ বাছাইপর্ব, বাংলাদেশের খেলা কখন-কোথায়
মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ বাছাই

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলন করে ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। অধিনায়ক মেঘলা রানী রায়, সহ-অধিনায়ক থাকবেন আলপি আক্তার।
এবারের এশিয়ান কাপের বাছাইপর্ব বসবে উজবেকিস্তানে। বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী উজবেকিস্তান ও ফিলিপিন্স। মেঘলাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান, ৮ অক্টোবর এবং পরের প্রতিপক্ষ ফিলিপিন্স, ম্যাচ ১১ অক্টোবর।
বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকবেন সাইফুল বারী টিটু। বাংলাদেশের দলের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ গ্রুপপর্বে বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে। তবে আমরা বাছাইপর্ব পার হওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। আশা করি এবার আমরা বাছাইপর্ব পার হতে পারব।’
অধিনায়ক মেঘলা রানী রায় বললেন, ‘এশিয়ান কাপের বাছাইপর্বের আগে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি। আমরা যেভাবে অনুশীলন করেছি এবং প্রস্তুতি গ্রহণ করেছি মাঠে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে বাছাইপর্ব পার হওয়া সম্ভব।’






