অর্থনীতি

মিরসরাইয়ের শিল্পাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ব্র্যাকের চুক্তি স্বাক্ষর

মিরসরাইয়ের শিল্পাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ব্র্যাকের চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এ স্থাপিত শিল্পাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বেকার যুবকদের কারগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ব্রাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং এনএসইজেড ডিপি, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

১৪ মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় ১,৫০০ জনকে বর্তমান শ্রম বাজারের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী কাজে সংযুক্ত করতে সহায়তা দেওয়া হবে।

১৮ অক্টোবর ২০২৭ তারিখে রাজধানীর বিনিয়োগ ভবনে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক এবং প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান।

এই কর্মসূচির লক্ষ্য হলো মিরসরাইয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান ও ভবিষ্যৎ শ্রমিক চাহিদার সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতার সমন্বয় ঘটানো এবং শিল্পাঞ্চলে কাজের সুযোগ বাড়ানো। কর্মসূচির আওতায় ১,২০০ জনকে আটটি সম্ভাব্য ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ের শ্রমবাজার মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণের চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণ করা হবে। পাশাপাশি ৩০০ জনকে যোগাযোগ, অর্থ ব্যবস্থাপনা, ডিজিটাল সাক্ষরতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতিবিষয়ক সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা কারখানা চাহিদা অনুযায়ী হাতে-কলমে প্রশিক্ষণ, দক্ষতার সনদায়ন, চাকরির সংস্থানে সহযোগিতা পাবেন।

স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, প্রশাসন, শিল্পপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিল্পাঞ্চলের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, কর্মসংস্থান ও জীবিকার সুযোগে সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্র্যাকের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে ইনোভিশন লিমিটেড, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) এবং অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট (ওপিসিএ)। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও মিরসরাইয়ের শিল্পাঞ্চলে কাজের সুযোগ সৃষ্টিতে ব্র্যাক ও এনএসইজেড ডিপি, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

বিষয়:ইনভেস্ট বাংলাদেশ এনএসইজেড কর্মসংস্থান জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট কর্মসূচি মানুষের দক্ষতা উন্নয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…