অর্থনীতি

আমিরাতে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে বৈঠক

আমিরাতে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে বৈঠক

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, বিশেষ করে ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব এবং দুই দেশের কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হওয়ার বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং দেশটিতে আরও দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয়:আমিরাতের শ্রমবাজা্র কর্মসংস্থান দ্বিপাক্ষিক বাণিজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…